সাতক্ষীরা-৪ শ্যামনগরে ধানের শীষের জনসভা ও গণমিছিল


প্রকাশের সময় : জানুয়ারি ২৪, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরা-৪ শ্যামনগরে ধানের শীষের জনসভা ও গণমিছিল

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভাটি অনুষ্ঠিত হয়। জনসভা শেষে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ড. মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শ্যামনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমবেত হন। এ সময় ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শ্যামনগর সদর এলাকা।

 

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, আশেক এলাহি মুন্না, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন খান শ্যামল, সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক নাসিম ফারুক খান মিঠু, জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

জনসভায় বক্তব্যে ড. মো. মনিরুজ্জামান বলেন, ভোটাধিকার বঞ্চিত জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। তিনি বলেন, বিজয়ী হতে পারলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং শিক্ষিত বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

 

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের প্রত্যাশা ও মতামত জানতে চায় বিএনপি। অবহেলিত উপকূলীয় এই অঞ্চলের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।