
এবিএম কাইয়ুম রাজ:
শাকসু নির্বাচন স্থগিত করার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটায় শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শ্যামনগর বাসস্ট্যান্ড হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেসি কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে শাকসু নির্বাচন বিলম্বের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি জোবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মাওলানা রুহুল আমিন, জেলা সাহিত্য সম্পাদক জাহিদ হাসান রানা, জেলা ক্রীড়া সম্পাদক আব্দুস সামাদ, পূর্ব থানা শাখার সভাপতি রাশিদুল ইসলাম, পশ্চিম থানা শাখার সভাপতি হাফেজ আমিনূর রহমান এবং পৌর থানা শাখার সভাপতি ইয়াছিন।
সমাবেশে বক্তারা বলেন, শাকসু নির্বাচন বন্ধ রেখে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমগ্র কর্মসূচিটি সঞ্চালনা করেন পূর্ব থানা শাখার সভাপতি রাশিদুল ইসলাম।
আপনার মতামত লিখুন :